বিশেষ প্রতিনিধি;
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষ নেওয়া এবং এ ঘটনাকে কেন্দ্র করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আজমাইন সাকিবকে তাঁর সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালান শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবিরকে তাঁর কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন তাঁরা।
এ সময় শাখা ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হুমায়ুন কবিরকে কার্যালয় থেকে বের করে দিতে গেলে বাধা দেন যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব। এ ঘটনাকে কেন্দ্র করে দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
শাখা ছাত্রদলের একাধিক সূত্রের দাবি, ওই ঘটনার জের ধরেই আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে আজমাইন সাকিবের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।