
“উত্তর বাজারে আড়তদার ও বরফকল মালিকদের নিয়ে সচেতনতা সভা”
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
জাতীয় সম্পদ ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মৎস্যজীবী, মাছের আড়তদার,ইজারদার ও বরফকল মালিকদের নিয়ে এক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে কাউখালী উত্তর বাজার মাছ বাজারের টলসেট ঘরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আরমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্যজীবী, মাছ বিক্রেতা, পাইকারি আড়তদার এবং স্থানীয় বরফ মিলের মালিকগণ।
সভায় নৌ পুলিশ কর্মকর্তা পরিদর্শক মোঃ আরমান হোসেন মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন কোনো অবস্থাতেই নদীতে নেমে মা ইলিশ ধরা যাবে না। যদি কেউ আইন অমান্য করে মা ইলিশ শিকার, বিক্রি,জমা বা পরিবহন করার চেষ্টা করে,তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিশেষ করে বরফকল মালিকদের উদ্দেশ্যে তিনি কঠোর ভাষায় নির্দেশ দিয়ে বলেন, “অভিযান চলাকালীন বরফকলগুলোতে ইলিশ মাছ সংরক্ষণের জন্য কোনো বরফ সরবরাহ বা প্রস্তুত করা যাবে না। অসাধু ব্যবসায়ীদের বরফ দিয়ে সহায়তা করলে বা অভিযানে বরফকলের জড়িত থাকার প্রমাণ মিললে বরফকল বন্ধসহ মালিকের বিরুদ্ধে সরাসরি মামলা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ বিন্দুমাত্র ছাড় দেবে না।”
সভায় উপস্থিত মাছের আড়তদার,ইজারদার ও বরফকল মালিকগণ নৌ পুলিশের এই উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং নিষেধাজ্ঞা চলাকালীন সব ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।