এম এ রাজ্জাক (সুমন);
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সিগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরার অপরাধে ১৮ জন অসাধু জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার লৌহজং ও শ্রীনগর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেক জেলেকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বর্তমানে নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু সরকারি এই আদেশ উপেক্ষা করে মঙ্গলবার সকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মাছ শিকারে নামেন কিছু অসাধু জেলে। খবর পেয়ে নদীতে সাঁড়াশি অভিযান চালায় প্রশাসন। এ সময় ১৮ জেলেকে আটকের পাশাপাশি প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত পাঁচ কেজি ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। নদীতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ও হাছিবুর রহমান।
যৌথ এই অভিযানে আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম এবং মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মালেক খসরু খান। এছাড়া মাওয়া কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জনস্বার্থে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।