মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আসন্ন ১৩৫তম বাৎসরিক আবির্ভাব উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ১১৮ সদস্যবিশিষ্ট সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৯নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আহ্বায়ক এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন এবং শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল বলেন, বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক সহযোগিতা চেয়ে আশ্রমের পক্ষ থেকে আগেই স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি দায়িত্ব গ্রহণ করায় আশ্রম কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করছে। তিনি উৎসব উদযাপনে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
কমিটির আহ্বায়ক ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, কমিটির সদস্য ও আশ্রমের ভক্তদের সম্মিলিত সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।