
মোঃ নুরুজ্জামান খোকন পিরোজপুর প্রতিনিধি:
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্ত, নৈরাজ্য এবং নাশকতামূলক অপতৎপরতার বিরুদ্ধে পিরোজপুরের রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস)। রাজপথ দখল করে ফ্যাসিবাদ ও তার দোসরদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে এক উত্তাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চালিয়েছে সংগঠনটির পিরোজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণ রক্তাক্ত ইতিহাস ও সংগ্রামের স্মরণে প্রতিরোধের দুর্গে পরিণত হয়। পিরোজপুর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো.রিয়াজ মাহমুদের বলিষ্ঠ নেতৃত্বে ও সরাসরি পরিচালনায় পুরাতন ডিসি অফিসের সামনে এক প্রকম্পিত পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পথসভা শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীদের একটি বিশাল মিছিল শহরের বুক চিরে প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে আওয়ামী সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে চরম ক্ষোভ ও প্রতিবাদের শ্লোগান প্রতিফলিত হয়।
পথসভায় পিরোজপুরের সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের অগ্রসেনানী—সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সভাপতি,বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফ মহিদুল ইসলাম গর্জে উঠে বলেন, “ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে অর্জিত দেশের বিদ্যমান শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে নিষিদ্ধ ঘোষিত খুনি আওয়ামী লীগের বিষাক্ত ছাওয়া এখনো অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা দেশের শান্তিকামী মানুষের বিরুদ্ধে আবার চক্রান্তের জাল বুনছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই-রাজপথ আমাদের, সংগ্রাম আমাদের। রক্ত দিয়ে কেনা এই স্বাধীন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। এদের প্রতিটি চক্রান্ত ও নৈরাজ্যিক পদক্ষেপ রাজপথেই রক্ত দিয়ে হলেও কঠোর হাতে গুড়িয়ে দেওয়া হবে।”
তিনি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চূড়ান্ত বার্তা দিয়ে বলেন, “আমজনতার নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের সমূলে উপড়ে ফেলতে আইনশৃঙ্খলা বাহিনীকে ঝটিকা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না। একই সাথে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মুক্তিকামী জনতাকে ইস্পাতকঠিন ঐক্যের প্রাচীর গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”
ফ্যাসিবাদের বিরুদ্ধে এই চূড়ান্ত প্রতিবাদের কর্মসূচিতে জেলা জাসাসের রক্তকণ্ঠ যুগ্ম আহ্বায়ক মো.রিয়াজ মাহমুদ, জেলা মহিলা দলের প্রচার সম্পাদিকা শিউলি রানাসহ জাসাস,বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বীর নেতাকর্মীরা মিছিলে উপস্থিত থেকে রাজপথ কাঁপিয়ে তোলেন।