
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়নের সদর পুলিশিং কমিটি ইউনিটের উদ্যোগে চুরি,ডাকাতি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. আজম আলী খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন।
সভায় বক্তব্য দেন ইউপি সদস্য মো. আজম আলী খান,নাঙ্গুলী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. আব্দুল মতিন এবং কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মো. ফারুক হোসেন।
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মো. আজম আলী খান বলেন, “অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। জনপ্রতিনিধি,শিক্ষক, অভিভাবক,ধর্মীয় নেতা ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই সচেতন হলে চুরি,মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ অনেকাংশে কমে আসবে।”
নাঙ্গুলী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো.আব্দুল মতিন বলেন, “নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ জোরদার করতে পারলে তরুণ সমাজ অপরাধ থেকে দূরে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে এ ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মো.ফারুক হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে পুলিশের সহযোগী হতে হবে। এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।”
মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী বিভিন্ন এলাকার চুরি,মাদক সেবন ও বিক্রি, কিশোরদের আড্ডা, বাল্যবিবাহের ঝুঁকি,রাতের নিরাপত্তা এবং সন্দেহভাজন ব্যক্তিদের চলাফেরাসহ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা ছাড়া স্থায়ী সফলতা সম্ভব নয়। কোনো অপরাধের তথ্য গোপন না করে দ্রুত পুলিশকে জানাতে হবে। মাদক, চুরি,ডাকাতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে কাউখালী থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “যে কোনো সমস্যা বা অভিযোগ নিয়ে মানুষ নির্ভয়ে থানায় আসতে পারবেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব,আর এ কাজে সবাইকে সচেতন থেকে সহযোগিতা করতে হবে।”
সভায় শিক্ষক,শিক্ষার্থী,ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউপি সদস্য,পুলিশিং কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।