
মোঃ নুরুজ্জামান খোকনকাউখালী(পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে “কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি” প্রকল্পের আওতায় আরজেএমএফ সদস্য এবং অন্যান্য অংশীজনদের নিয়ে উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে, নাগরিক উদ্যোগ কাউখালী উপজেলার বাস্তবায়নে এ পর্যালোচনা সভা ও কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সদস্য মহিউদ্দিন আহম্মেদ এবং পুরো প্রোগ্রামটি উপস্থাপনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন,”স্থানীয় পর্যায়ে বিচারপ্রাপ্তিতে প্রান্তিক ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর প্রবেশাধিকার সুগম করতে আরজেএমএফ এবং নাগরিক উদ্যোগের এ ধরনের বার্ষিক পর্যালোচনা ও কর্মপরিকল্পনা অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় বিরোধ দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিক এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রদান করেন কাউখালী থানার ওসি (তদন্ত) মোঃ এবাদত আলী মোল্লা এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ।
সভায় প্রজেক্ট সম্পর্কিত মূল বিষয়বস্তু,অর্থায়ন ও সার্বিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রজেক্ট কো-অর্ডিনেটর লাকি আক্তার এবং সিনিয়র ফাইনান্স অফিসার মোঃ শফিকুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য এম শহিদুল আলম বাদল,মোঃ সামসুল আলম মিল্টন,মোঃ নুরুজ্জামান,মুন্নি বেগম ও মোসাঃ আক্তারুন্নেহার। সংস্থার মাঠপর্যায়ের কর্মীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া, কমিউনিটি প্যারালিগাল সুমা মীর,হোসনেয়ারা খানম, জীবনকৃষ্ণ দাস এবং কর্মসূচি সহকারি শংকর কর্মকার।
উক্ত বার্ষিক পর্যালোচনা সভায় কাউখালী উপজেলার সকল আরজেএমএফ সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনা পর্বে বক্তারা কমিউনিটিভিত্তিক বিরোধ সহজ উপায়ে মীমাংসা করা এবং জেন্ডারভিত্তিক বিচারিক অভিগম্যতা নিশ্চিতকরণে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।