
আজিজুল আলম (রামু প্রতিনিধি);
দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ চর্চায় উৎসাহিত করতে রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় ‘সততা স্টোর’ উদ্বোধন ও ‘সততা সংঘ’ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার। সভাপতিত্ব করেন মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আনছারী।
‘নিজে সৎ থাকি, অন্যকে সততার চেতনায় উদ্বুদ্ধ করি’, ‘দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে, সুন্দর সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক ও রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা মোহছেন শরীফ এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ। স্বাগত বক্তৃতা দেন, উপাধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল জলিল।
আরবী প্রভাষক মোহাম্মদ মুসলেহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, আরবী প্রভাষক এস এম আবদুল্লাহ সাহেদ, মাওলানা আবদুল গণী মজিদী, শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক ও নাসরিন জাহান। অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন সাঈফ ছিদ্দীক নাঈম।
প্রধান অতিথি মো. নুরুল আবছার বলেন, সুন্দর জীবন ব্যবস্থা গঠনে আমাদের প্রত্যেককে সততা এবং নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে। নিয়মের বাইরে যাওয়া মানেই হচ্ছে দুর্নীতি। আমাদের জীবন গঠন করার জন্য, সমাজ তৈরি করার জন্য, পরিবারকে সুন্দর করার জন্য যা প্রয়োজন আছে, আমরা সেই পথে যাবো। বাবা মা, শিক্ষকরা কারও ক্ষতি চায় না। বাবা মায়ের স্বপ্ন নষ্ট করবে না। তাদের সম্মান হানি হয়, এমন কোন কাজ করবে না। ছোটবেলা থেকেই সততা ও নৈতিকতার চর্চার মধ্যে নিজেকে গড়ে তুলতে পারলে, ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের চর্চা আরও জোরদার হবে। সততা স্টোরে বিক্রেতার উপস্থিতি ছাড়াই প্রয়োজনীয় সামগ্রী ক্রয় ও মূল্য পরিশোধের ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সততার বাস্তব অনুশীলনের সুযোগ তৈরি হবে। সততা সংঘ গঠনের মাধ্যমে দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধের বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান আলোচকের বক্তৃতায় মাস্টার মোহাম্মদ আলম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক একজন প্রস্ফুটিত ফুল। ঘুণধরা সমাজে শিক্ষার্থী নামক প্রস্ফুটিত ফুলগুলো যেন নষ্ট না হয়, দুর্নীতির দিকে যেন ধাবিত না হয়, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীদের সততা শেখাতে, সততা ও ন্যায়চর্চার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর চালু করার উদ্যোগ নিয়েছে। ছোটবেলা থেকেই সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ প্রচেষ্টা। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। ছোটবেলা থেকে সততার চচর্চায় বেড়ে উঠলে, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারবে।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রভাষক সোহেলী খাতুন, নাহিদা আকতার বানু, রুমি আকতার নীলা, রামু প্রেসক্লাবের পরিবেশ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাদ্রাসার শিক্ষার্থী মো. সালমান রিজভী। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, উপাধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল জলিল। আলোচনা সভা শেষে অতিথি ও শিক্ষকদের সাথে নিয়ে সততা স্টোর উদ্বোধন করে সততা সংঘ’র সদস্যরা।
সভায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সততা সংঘ’ কমিটির নাম ঘোষনা করেন আরবী প্রভাষক মোহাম্মদ মুসলেহ উদ্দীন। এতে মোহাম্মদ নুরুল আবছার (নবম শ্রেণি) সভাপতি, মো. সালমান রিজভী (নবম শ্রেণি) সহ-সভাপতি, রাশেদা আকতার সহ-সভাপতি, মো. তারেকুল ইসলাম (নবম শ্রেণি) সাধারণ সম্পাদক, মুরাদ (অষ্টম শ্রেণি) যুগ্ম সাধারণ সম্পাদক, শাহেদ হোসাইন (সপ্তম শ্রেণি) অর্থ সম্পাদক, মো. আজোয়াদ (অষ্টম শ্রেণি), রিদুয়ান (ষষ্ঠ শ্রেণি), লোকমান (সপ্তম শ্রেণি), মোবারক হোসাইন, আমান উল্লাহ সদস্য নির্বাচিত হয়েছেন।
অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আনছারী জানান, শিক্ষার্থীদের সততা শিক্ষা ও ন্যায়চর্চার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এর উদ্যোগে এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন এবং সততা সংঘ গঠন করা হয়েছে। মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ মুসলেহ উদ্দীন ও প্রভাষক এস এম আবদুল্লাহ ‘সততা স্টোর’ এবং ‘সততা সংঘ’ পরিচালনায় শিক্ষার্থীদের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।
রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ জানান, দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সততা স্টোর ও সততা সংঘ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সততা স্টোর স্থাপন দুর্নীতি দমন কমিশনের সততা চর্চা ও দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচিরই অংশ। সততা স্টোরে শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় পণ্য থাকবে। পণ্যগুলোর মূল্য তালিকা থাকবে, কিন্তু বিক্রেতা থাকবেনা। থাকবেনা সিসি ক্যামেরাও। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনবে এবং মূল্য তালিকা দেখে নির্ধারিত টাকা ক্যাশ বাক্সে রেখে মূল্য পরিশোধ করবে। এ ভাবেই শিক্ষার্থীরা সততা চর্চায় বেড়ে উঠবে।