
পিরোজপুর প্রতিনিধি;
পিরোজপুর সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১৫০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— পিরোজপুর সদর থানার ছোট জুজখোলা এলাকার রতন কুমার খান(৩১)এবং দক্ষিণ গাবতলা এলাকার বিজন মজুমদার (২৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) পলাশ বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়মিত টহল ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারে অভিযানে বের হন। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে যে,পিরোজপুর সদর থানাধীন ২নং কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকায় গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের পাশে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় রতন কুমার খান ও বিজন মজুমদারকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে রতন কুমার খানের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে নীল রঙের পলিজিপারে রক্ষিত ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে ২নম্বর আসামি বিজন মজুমদার রতনকে মাদক বিক্রয়ে সহযোগিতা করার কথা স্বীকার করে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করে আসামিদের পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই (নিঃ) পলাশ বিশ্বাস জানান,”গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৫০ পিস ইয়াবাসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হচ্ছে।”