
মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর শহরের বাজার এলাকার একটি গোডাউনে অভিযান পরিচালনা করে ৭৮ ব্যারেল ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে।
১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোর নামের মুদি ব্যবসায়ী মো. সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা।
এসময় অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুত করা ১৫ হাজার ৬শ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সাথে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলো সবুর ও তার লোকজন।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী অবৈধভাবে মজুত করা এই তেল জব্দের নির্দেশ দেন। তবে অবৈধ মজুদকারী মো. সবুর তালুকদারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্টগার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অবৈধ মজুতকারী মো. সবুর তালুকদার এর আগেও একবার র্যাবের হাতে আটক হয়েছিলেন। সেসময় ও বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ হয়েছিল।