
মোঃ নুরুজ্জামান খোকন
কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায় তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রম ও আসন্ন ইজতেমা সফল করার লক্ষ্যে দিনব্যাপী পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ইকোপার্ক সংলগ্ন মারকাজ মসজিদে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুর জেলা সুরার সাথী মো.শাহআলম প্রফেসর ও মো.জহির উদ্দিন প্রফেসরসহ তাবলিগ জামাতের বিভিন্ন পর্যায়ের সাথীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের তাবলিগ জামাতের সাথী (নিজাম উদ্দিন অনুসারী) সদস্য এবং উপজেলা আমির আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী,সভায় প্রায় ৩০০ জনের অধিক সাথী অংশগ্রহণ করেন।
পরামর্শ সভায় দুনিয়ায় আল্লাহর হুকুম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণ,শান্তি ও আখিরাতে নাজাতের বিষয়ে আলোচনা করা হয়। তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রমকে আরও সংগঠিত ও মসজিদভিত্তিক করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের মাসিক জোড় ও মজমা আরও জোরদার করা এবং নিয়মিত তিন দিনের জামাত বের করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এর মাধ্যমে মসজিদওয়ারি দাওয়াতি কার্যক্রম চালু ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তাবলিগ জামাতের বিষয়ভিত্তিক আলোচনা এবং মুসলিম উম্মাহর কল্যাণ, পারস্পরিক ভ্রাতৃত্ব,নৈতিকতা ও দ্বীনি জীবনের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় আগামী ১৫,১৬ ও ১৭ অক্টোবর পিরোজপুরের ইজতেমা এবং ২০২৭ সালের টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
জানা গেছে,ইজতেমা সংক্রান্ত পরামর্শ কার্যক্রম শুক্রবার ফজরের নামাজের পর আমল ও দোয়ার মাধ্যমে অব্যাহত থাকবে। এছাড়া প্রতি বৃহস্পতিবার নিয়মিত পরামর্শ ও দাওয়াতি কার্যক্রমে সংশ্লিষ্ট সাথীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আলোচনায় বক্তারা তাবলিগের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ব্যক্তিগত আমল-আখলাক, মসজিদকেন্দ্রিক দ্বীনি পরিবেশ এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও কল্যাণমূলক কর্মকাণ্ড বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।