মোঃনুরুজ্জামান খোকন
কাউখালী(পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।
আলোচনা সভায় বক্তব্য দেন
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওহিদুর রহমান,
কাউখালী মহিলা কলেজের অধ্যাপক মোঃ আখতারুজ্জামান।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাফিউল আজম দুলালসহ অন্যান্যরা।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন,জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, কর্মময় জীবন ও রাষ্ট্র গঠনে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর সময়ে শিল্প-কারখানা সম্প্রসারণ,কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন কর্মসূচি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছিল। এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছিল বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একজন বীর মুক্তিযোদ্ধা তাঁর বক্তব্যে বলেন, “দেশের জন্য যুদ্ধ করেছি,রক্ত দিয়েছি,জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। এখন আমাদের সবার দায়িত্ব হলো ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”
আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা,সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন এবং রাষ্ট্রপতি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরার বিষয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রেহেনা আক্তার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং জাতীয় ঐক্য,সম্প্রীতি ও দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।