ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
“করব সমবায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে এক সমবায় র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।
আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে নুসরাত জাহান বলেন, সমবায় চেতনাকে কাজে লাগিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়া সম্ভব। তিনি সকল সমবায়ীকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
সভায় স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।