ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি :
আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা আনুমানিক ৩টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর মাছ হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৪০ কেজি জাটকা (ইলিশ) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে জাটকা বিক্রির অপরাধে মোঃ সাগর নামের এক মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও ভূমি অফিসার নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী আজম।
অভিযানে জব্দকৃত আনুমানিক ৪০ কেজি জাটকা উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পূর্বে মাছগুলো উপজেলার ৮টি এতিমখানা ও মাদ্রাসার মধ্যে বিতরণ করা হয়।
জাটকা সংরক্ষণ, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।