তৃণমূলের দাবি—বিভাজন ভুলে ঐক্যবদ্ধ বিএনপি গঠন; সাংগঠনিক শক্তি বাড়িয়ে রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলার আহ্বান
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপি ও প্রতিটি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দলীয় ঐক্য প্রতিষ্ঠার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘদিনের বিভাজন, নেতৃত্বের দ্বন্দ্ব ও পারস্পরিক মতপার্থক্য ভুলে দলের বৃহত্তর স্বার্থে সব পক্ষের নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের দাবি, ব্যক্তিগত বলয় ও গ্রুপিংয়ের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গড়ে তুলতে হবে।
এ ক্ষেত্রে আলোচনায় রয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, এই চার নেতা পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দেবিদ্বার উপজেলা বিএনপি এবং প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে ঐক্যের পরিবেশ তৈরি করবেন। নেতৃত্বের প্রতিযোগিতা কিংবা সাংগঠনিক মতপার্থক্য যেন দলের বৃহত্তর স্বার্থের অন্তরায় না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের ত্যাগ ও অভিজ্ঞতাকে যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। যারা দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাদের সাংগঠনিকভাবে মূল্যায়নের পাশাপাশি নতুন ও পুরোনো নেতাকর্মীদের সমন্বয়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
সম্প্রতি দেবিদ্বারে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতাদের বক্তব্যেও ঐক্য ও সম্প্রীতির বিষয়টি উঠে আসে। এ সময় ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী অতীতের বিভাজন কাটিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ এফ এম তারেক মুন্সীও সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তবে দেবিদ্বারের রাজনীতিতে বিভিন্ন পক্ষের মধ্যে এখনো দূরত্ব ও মতপার্থক্য রয়েছে। গত ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা আয়োজনের ঘটনাও দলীয় সমন্বয়ের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, শুধু কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃত্ব নয়, উপজেলা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কমিটিগুলোকে সক্রিয় ও শক্তিশালী করতে হবে। ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলে নতুন সাংগঠনিক গতি ফিরিয়ে আনতে হবে।
তাদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জন্য নেতাদের মধ্যে সমন্বয়, নিয়মিত সাংগঠনিক সভা এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।
নেতাকর্মীদের ভাষ্য, নেতা আলাদা হতে পারেন, রাজনৈতিক মতপার্থক্যও থাকতে পারে; কিন্তু দলের লক্ষ্য ও আদর্শ এক। ব্যক্তিগত বিরোধ ও বিভাজন ভুলে সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। দেবিদ্বারে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক শক্তি সুসংহত করতে চার নেতার মধ্যে সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।