রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নেছারাবাদে এনসিপির জুলাই পথযাত্রা,গণতন্ত্র ও হাদি হত্যা মামলার বিচারের দাবিতে সমাবেশ; জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাল ফিতায়’ বন্দি মেসার্স সওদাগর অটো রাইস মিলের বিদ্যুৎ সংযোগ; দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা -অলি হাসান সৃজন; জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু;

কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের;

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা উপেক্ষা করে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী মহাবিদ্যালয় কেন্দ্রে আগেভাগেই এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা বোর্ড ও উপজেলা প্রশাসন।
শনিবার (১৮জুলাই) সকালে সরেজমিনে সরকারি কাউখালী মহাবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়,এইচএসসি পরীক্ষার্থীদের আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অথচ বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। অভিযোগ রয়েছে,বোর্ডের নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগে কলেজটির ১৭১ জন পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হচ্ছে।
জানা গেছে,এইচএসসি লিখিত পরীক্ষা শুরুর আগেই কলেজ কর্তৃপক্ষ নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিয়ে ১৬ ও ১৮ জুলাই ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানান,বোর্ডের রুটিন অনুযায়ী তারা ৯ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ আগেভাগে পরীক্ষার তারিখ নির্ধারণ করায় পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাননি। সামনে লিখিত পরীক্ষা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক শিক্ষক বলেন,শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচির বাইরে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কোনো বিধান নেই। বোর্ডের নিয়ম ও শৃঙ্খলা মেনেই পরীক্ষা গ্রহণ করা উচিত। কিন্তু বর্তমানে এবং বিগত সময় সেই নির্দেশনা অনুসরণ করা হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. নজরুল ইসলাম বাবু বলেন,কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক প্রয়োজন মনে করলে সুবিধাজনক সময়ে ব্যবহারিক পরীক্ষা নিতে পারেন। সে অনুযায়ী ১৬ ও ১৮ জুলাই পরীক্ষা নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ২৫ জুন কলেজের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। তবে বোর্ডের নির্ধারিত সময়সূচির বাইরে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আইনগত ভিত্তি কী,সে প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা তিনি দিতে পারেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোঃ আসলাম হোসেন বলেন,পরীক্ষার বিষয়ে আমাকে অবগত করেনি,তবে ব্যবহারিক পরীক্ষা কলেজের অভ্যন্তরীণ বিষয়। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় কলেজ কর্তৃপক্ষ আগেভাগে পরীক্ষা নিচ্ছে। পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষার ফল বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাঠানো হবে বলে সংশ্লিষ্ট শিক্ষক জানিয়েছেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মো.আসাদুজ্জামান বলেন, বোর্ডের নির্ধারিত রুটিনের আগে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কোনো বিধান নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, বোর্ডের নির্দেশনা ও নির্ধারিত সময়সূচির বাইরে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews