
আব্দুল হান্নান শেখ: পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম এমপির মোড় থেকে বলাকা ক্লাব পর্যন্ত রাস্তাটির বর্তমান অবস্থা খুবই বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ফলে প্রতিদিন হাজারো সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজগামী শত শত শিক্ষার্থীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার গর্তগুলো পানিতে ঢেকে যায়। তখন যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে পার হওয়াও কঠিন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। বৃষ্টির দিনে শিক্ষার্থীরা কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে বাধ্য হয়। অনেক সময় বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। রিকশা, ভ্যান ও মোটরসাইকেল প্রায়ই উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
বলাকা ক্লাব এলাকার বাসিন্দা রহিম মিয়া বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন অফিস-আদালতে যাই। ৫ মিনিটের রাস্তা যেতে ২০ মিনিট লাগে। রাস্তার এই অবস্থা দেখার কেউ নাই।”
একই এলাকার অভিভাবক সাবিনা ইয়াসমিন বলেন, “আমার মেয়ে বলাকা স্কুলে পড়ে। বৃষ্টি হলে ওকে নিয়ে রাস্তা পার হতে খুব ভয় লাগে। কখন যে গাড়ি চাপা দেয়।”
সাধারণ মানুষের দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।