
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানের পাশাপাশি সর্বসাধারণকে উদ্বুদ্ধ করতে কুমিল্লার দেবিদ্বারে চলছে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম। ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সামাজিক সংগঠনের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেবিদ্বার পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, যুবসমাজ ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে সামাজিক সংগঠন ‘আমার গ্রাম আমার দায়িত্ব’-এর পক্ষে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন এবং প্রচারণা চালান সাংবাদিক এ আর আহমেদ।
প্রচারণাকালে সাংবাদিক এ আর আহমেদ বলেন, “কিশোরদের সঠিক পথে রাখতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না; অভিভাবক ও সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। আমাদের সন্তান কোথায় যায়, কার সাথে মেলামেশা করে— সে বিষয়ে পরিবারকেই প্রথম খেয়াল রাখতে হবে।”
কর্মসূচি থেকে কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের ভূমিকা ও
আইনগত দিক নিয়ে আলোচনা করা হয়। একই সাথে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে সাথে সাথে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ওয়ার্ডবাসীকে আহ্বান জানানো হয়।
সামাজিক সংগঠনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, পুলিশের কঠোর অভিযানের পাশাপাশি এ ধরনের সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে এলাকা থেকে অপরাধ ও মাদক দূর করা সহজ হবে।