
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের তাওহীদ মোটরসের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মহিউদ্দিন শেখের নেতৃত্বে এএসআই মো.মোস্তফা কামাল ও এএসআই কাজী ইউসুফ অভিযান পরিচালনা করেন। এ সময় আসপদ্দি গ্রামের মো. ইলিয়াসের তাওহীদ মোটরস দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর উদ্ধার করা মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ঘটনায় কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”