
মোঃ নুরুজ্জামান খোকন
কাউখালী(পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮সেপ্টেম্বর সোমবার,বেলা ১১ঘটিকায়, উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।
সভায় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,জমে থাকা পানি অপসারণ,নিয়মিত মশার ওষুধ প্রয়োগ এবং শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতি রবিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, নিয়মিতভাবে প্রতিষ্ঠান ও মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। কোথাও কোথাও মশা নিধনে ওষুধও ব্যবহার করা হচ্ছে। তবে বিদ্যুৎ চলে গেলে মাদ্রাসা, এতিমখানা ও বিদ্যাশ্রম এলাকায় মশার উপদ্রব বেড়ে যায় বলেও তারা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শিক্ষক প্রতিনিধিরা বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় বাজারের ড্রেন পরিষ্কার রাখা,দোকানের সামনে জমে থাকা ময়লা অপসারণ,কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের মাঠ ও সামনের এলাকা দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোচনা হয়।
সভায় বলা হয়,ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়,শিক্ষার্থী,শিক্ষক,
অভিভাবক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান,বাজার ও আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব,পরিত্যক্ত পাত্র,ডাবের খোসা,টায়ারসহ যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে,সেগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি সম্পূর্ণ বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে সভায় জানানো হয়। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা এবং কোনো ঘটনা বা তথ্য পেলে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে স্কাউট সদস্যদের সম্পৃক্ত করে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়। সভায় কাউখালী সরকারি কলেজের পুরাতন ভবনে মাদকের আড্ডার অভিযোগও উঠে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া কাউখালী বাজারে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এবং এতে দুর্গন্ধ ও মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলে সভায় আলোচনা করা হয়। বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও নিয়মিত বর্জ্য অপসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন কাউখালী সরকারি কলেজের অধ্যক্ষ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,থানা পুলিশের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি সহ সাংবাদিক বৃন্দ।