
মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি;
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পর চার দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ দুই কিশোরীর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে। তারা কাশিনগর আল আমিন মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী মাহিমা আক্তার মাহি ও তার সহপাঠী তানিশা আক্তার মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বিকাল পেরিয়ে রাত হলেও তারা বাড়িতে ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মাহিমা আক্তার মাহির মা তাছলিমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তাছলিমা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার মাহি তার সহপাঠী তানিশার সঙ্গে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কোথাও তাদের সন্ধান মেলেনি। প্রশাসনের সহযোগিতা চাই।’
কাশিনগর আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার দুই শিক্ষার্থী মাদ্রাসায় উপস্থিত হয়নি। পরে তাদের পরিবারের কাছ থেকে জানতে পারেন, মাদ্রাসায় আসার পথেই তারা নিখোঁজ হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় রোববার বিকালে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে, চার দিনেও দুই কিশোরীর সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত তাদের সন্ধান ও নিরাপদে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা।