এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণে চলমান সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে যৌথ অভিযানে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে জব্দ করা জাল থেকে প্রায় ৪ কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরে মাছগুলো স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। একই সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ অভিযানের ধারাবাহিকতা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।