মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের টিম সদস্য ও মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. জাহাঙ্গীর আলম বলেন, “ইনসাফের বিপরীত হলো জুলুম। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যেখানে ন্যায়বিচার থাকবে, সেখানে মানুষের অধিকার সুরক্ষিত হবে। আর যেখানে জুলুম-অবিচার প্রতিষ্ঠিত হবে, সেখানে মানুষের মধ্যে বৈষম্য, অসন্তোষ ও অশান্তি বাড়বে।”
তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ধনী-গরিব, প্রভাবশালী কিংবা সাধারণ মানুষ—সবার জন্য সমান অধিকার ও সুবিচার নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত স্বার্থ, দলীয় পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব যেন কখনো ন্যায়বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়। অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং দুর্বল মানুষের অধিকার হরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য প্রত্যেককে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা ও ভ্রাতৃত্ববোধ বাড়বে। এর মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা (দক্ষিণ) জামায়াতের আমির ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. ছানাউল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাজুল ইসলাম শাহিন এবং সহকারী সেক্রেটারি মাওলানা মো. কুতুবউদ্দিন।
দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. আবুল হাশেম মোল্লার সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন জামিল ইসলাম মুরাদ। এতে স্থানীয় পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।