শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি; তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত ;

তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট;

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পঠিত




একজন শিক্ষকেই চলছে পাঠদান, কোথাও পাশের বিদ্যালয়ের শিক্ষক দিয়ে খোলা হচ্ছে স্কুল

ডেক্স রিপোর্টার;

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্গম হাওরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। কোনো বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, আবার কোথাও শিক্ষক না থাকায় পাশের বিদ্যালয় থেকে অস্থায়ীভাবে শিক্ষক এনে বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। বিপরীতে যোগাযোগব্যবস্থা ভালো ও সুবিধাজনক এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকসংখ্যা তুলনামূলকভাবে পূর্ণ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বদলির সুযোগ পেলেই অনেক শিক্ষক দুর্গম এলাকার বিদ্যালয় থেকে সুবিধাজনক স্থানে চলে যাওয়ায় শিক্ষক সংকট আরও প্রকট হচ্ছে। এতে দুর্গম হাওরাঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সম্প্রতি প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হওয়ার পর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কোনো শিক্ষক নেই। অন্য দুটি বিদ্যালয়ের দুজন শিক্ষককে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরান খালাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দুজন শিক্ষকই সুবিধাজনক স্থানে বদলির আদেশ পেয়েছেন।

উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শিবরামপুর, মন্দিয়াতা, জয়পুর, বাঁশতলা ও মনভোজ সরকারি প্রাথমিক বিদ্যালয়; দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উক্তিয়ারগাঁও, কলাপাড়া ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর বড়দল ইউনিয়নের মাহরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে একজন করে শিক্ষক কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় তাহিরপুর উপজেলার জন্য ৪৯ জন শিক্ষক জেলা শিক্ষা অফিসে যোগদান করেছেন। আগামী রোববার (৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে তাঁদের পদায়নের আদেশ জারি হতে পারে বলে জানা গেছে।

মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, ‘আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট পাঁচটি পদ রয়েছে। ১২ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। বাড়ি কাছে হওয়ায় দীর্ঘদিন ধরে আমি দায়িত্ব পালন করছি। অনেক সময় অন্য কোনো শিক্ষক থাকেন না। ফলে একাই প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান করতে হয়েছে। মাঝেমধ্যে কাউকে পোস্টিং বা ডেপুটেশনে দেওয়া হলেও তিনিও কোনো না কোনোভাবে বদলি হয়ে যান। বর্তমানে যিনি রয়েছেন, তিনিও বদলির আদেশ পেয়েছেন। নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। আমার বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত শিক্ষক প্রয়োজন।’

শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হলেন মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতম সরকার ও মানিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন তালুকদার।

প্রীতম সরকার বলেন, ‘শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক না থাকায় উপজেলা শিক্ষা অফিসার আমাদের দুজনকে বিদ্যালয়টি খোলা ও শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। আমরা সমন্বয় করে দায়িত্ব পালন করছি। বিদ্যালয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। অনেক শিক্ষার্থী বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে। বিদ্যালয়টি সচল রাখতে দ্রুত শিক্ষক প্রয়োজন।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন পাটোয়ারী বলেন, দুর্গম এলাকা থেকে বদলি হয়ে সুবিধাজনক বিদ্যালয়ে আসার কারণে দুর্গম এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ বলেন, হাওরাঞ্চলের শিক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্গম এলাকায় শিক্ষক পদায়নে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। দুর্গম এলাকায় নিয়োগ দেওয়া হলেও অনেক শিক্ষক অধিকতর ভালো যোগাযোগব্যবস্থার বিদ্যালয়ে চলে আসেন। এমন অনেক বিদ্যালয় রয়েছে, যেখানে মাত্র একজন শিক্ষক কর্মরত আছেন।

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে দুর্গম এলাকার শিক্ষকরা যাতে সেখানে থাকতে পারেন, সে জন্য তাঁদের সুযোগ-সুবিধা, বিশেষ করে যাতায়াত, আবাসন ও হাওর ভাতার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। হাওরপাড়ের মানুষের শিক্ষার গুণগত মান উন্নয়নের স্বার্থে ছাত্র-শিক্ষক উভয়কে হাওর রেশনিংয়ের আওতায় আনা জরুরি।

আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, ‘নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্য ও সংকট রয়েছে, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হোক।’

উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা বলেন, ‘উপজেলার যেসব বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে জেলা শিক্ষা অফিসে চাহিদা পাঠিয়েছি। এখন বিষয়টি জেলা শিক্ষা অফিস বিবেচনা করবে।’

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল বলেন, ‘সহকারী শিক্ষক পদায়নের বিষয়টি আমাদের কমিটির মাধ্যমে করা হবে। তবে যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্য রয়েছে, সেসব বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews