
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর) প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা:সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা-এ তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি,স্টল পরিদর্শন ও জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। পরে তিনি বিভিন্ন সেবামূলক স্টল পরিদর্শন করেন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে নিজের জমি সুরক্ষিত রাখতে হবে। শুধু দলিল থাকলেই ভূমির মালিকানা নিশ্চিত হয় না। দলিলের ভিত্তিতে নামজারি ও খতিয়ান প্রস্তুতের পরই ভূমি উন্নয়ন কর প্রদান করা যায়।”
তিনি আরও বলেন,ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগে দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে অধিকাংশ ভূমিসেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষকে ভূমিসেবা সম্পর্কে অবহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
এ সময় তিনি ভূমি মন্ত্রণালয়ের জনসচেতনতামূলক প্রকাশনায় উল্লেখিত ভূমির মালিকানা, নামজারি,ম্যাপ প্রস্তুতি,জমি ক্রয়কালে করণীয় এবং স্মার্ট ভূমিসেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া মেলা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান এবং আইসিটি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান প্রমুখ।