
মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর, প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮।
বুধবার(১৮মার্চ)বিকেলে র্যাব-৮, বরিশালের অপারেশন প্রেস সেক্রেটারি (ওপিএস) অমিত হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে পিরোজপুরগামী ‘ইমাদ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে বাসটির বক্সে রাখা একটি কার্টনের ভেতর থেকে সাদা কসটেপে মোড়ানো আকাশি রঙের ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে মোট ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় গাঁজা বহনের অভিযোগে মোঃ আনোয়ার হোসেনকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার বাসিন্দা এবং হাকিম হাওলাদারের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। র্যাব জানায়,এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।