
নিজস্ব প্রতিবেদক:
এসএসসি ও সমমান পরীক্ষা–২০২৬-এর ফল প্রকাশ উপলক্ষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ শুধু একটি পরীক্ষার ফলাফল নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো পরিবারের স্বপ্ন, মা-বাবার ত্যাগ, শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের সাধনা।
তিনি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন, ভালোবাসা ও শুভকামনা জানান। একই সঙ্গে সন্তানদের সাফল্যের পেছনে অবদান রাখা অভিভাবক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে সাইদুর রহমান লিটন বলেন, সার্টিফিকেট শিক্ষাগত অর্জনের পরিচয় দিতে পারে, কিন্তু মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করে তার চরিত্র। শুধু ভালো ফলাফল বা বড় ডিগ্রি অর্জন নয়—সততা, মানবিকতা, দায়িত্ববোধ এবং দেশ ও মানুষের কল্যাণে জ্ঞানকে কাজে লাগানোই জীবনের বড় অর্জন।
তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে তারা শুধু ভালো চাকরির স্বপ্ন না দেখে কর্মসংস্থান সৃষ্টির স্বপ্নও দেখে। নিজের সাফল্যের পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণের কথাও ভাবতে হবে।
যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া জীবনের পরাজয় নয়। একটি মার্কশিট কারও পুরো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে সাইদুর রহমান লিটন বলেন, সন্তানের ফলাফলকে অন্য কোনো সন্তানের সঙ্গে তুলনা করা উচিত নয়। প্রতিটি শিশুর প্রতিভা ও বিকাশের সময় আলাদা। ভালো ফল করলে সন্তানকে বিনয়ী হতে শেখাতে হবে এবং প্রত্যাশিত ফল না করলে তাকে সাহস ও মানসিক সমর্থন দিতে হবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নির্মাতা। তাদের মেধা, সততা, মানবিকতা, উদ্ভাবনী চিন্তা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষা যেন শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম না হয়ে মানুষের চিন্তা, বিবেক ও দায়িত্ববোধকে জাগ্রত করার শক্তিতে পরিণত হয়—সেদিকে গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের স্বপ্ন শুধু নিজেদের জন্য নয়, দেশকে নিয়েও হতে হবে। তাদের সাফল্য যেন শুধু পরিবারের গর্বে সীমাবদ্ধ না থেকে একদিন পুরো বাংলাদেশের গর্বে পরিণত হয়।
শুভেচ্ছা বার্তার শেষে মহান আল্লাহর কাছে শিক্ষার্থীদের জ্ঞানকে কল্যাণকর জ্ঞানে পরিণত করা, সুন্দর চরিত্র গঠন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক কামনা করেন।
সাইদুর রহমান লিটন
সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
সভাপতি, বেলজিয়াম বিএনপি