
মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সততা, মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘মেধায় সমৃদ্ধ, মানবতায় ঋদ্ধ’ শীর্ষক বিশেষ অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউএনও মাহামুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের জীবনের একমাত্র লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন হওয়া উচিত নয়। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা, সততা ও শৃঙ্খলার চর্চা করতে হবে। এসব গুণই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে।
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজি, গণিত, কবিতা আবৃত্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান।
বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ, অভিভাবক সদস্য সাদিকুর রহমান তারেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন আহমেদ এবং শিক্ষক প্রতিনিধি মো. আওলাদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মেধা বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও শৃঙ্খলার চর্চা বাড়াতে হবে। এসব গুণ ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্যের পাশাপাশি সমাজ ও দেশের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।