
মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি;
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় কন্যা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে মনোহরদী উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং সমাজের সর্বক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠা, মেধা ও প্রতিভা বিকাশ এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাও জরুরি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, উপযুক্ত শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ পেলে কন্যাশিশুরা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তাই বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং মেয়েদের সম্ভাবনা বিকাশের পথ সুগম করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন আরও জোরদার হবে।