বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর):
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ৯ নম্বর সাপলেজা ইউনিয়নের ১ নম্বর ভাইজোড়া গোড়ার বাজার এলাকায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের খরচ এবং আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
আহত ছোট ভাইয়ের নাম দেলোয়ার হোসেন ধলু। অভিযুক্ত বড় ভাই ছলেমান ফরাজী। তাঁরা উভয়েই চান মিয়া ফরাজীর ছেলে।
আহত ধলুর ভাষ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে তাঁদের বাড়িতে একটি মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের ব্যয়ভার ও আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানানো নিয়ে গত ১৬ নভেম্বর বিকেল ৫টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি ও তর্কবিতর্ক শুরু হয়।
একপর্যায়ে বড় ভাই ছলেমান ফরাজী লাঠি দিয়ে ছোট ভাই দেলোয়ার হোসেন ধলুর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন আহত ধলু। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় যুবদল নেতা রিপন মোল্লা আহত ধলুকে উদ্ধার করে মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত ছলেমান ফরাজীর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।