
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সভাপতিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের উজিয়ালখান মদন মোহন জিউর আখড়াবাড়ির গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি অলোক কুমার কর্মকার (৫৫)। তিনি কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ। তাঁর বাড়ি উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর বাজান এলাকায়। তিনি মৃত চিত্তরঞ্জন কর্মকারের ছেলে। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক/সভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
কাউখালী থানার এসআই মো.মহিউদ্দিন শেখ ও এএসআই মো.খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। পুলিশ বলছে,কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বা কোনো ধরনের নাশকতার চেষ্টা করতে না পারে,সে বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশের দাবি,আটক ব্যক্তি গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
এ ঘটনায় কাউখালী থানায় গত ১৩/১০/২০২৪ অনুযায়ী বিস্ফোরক আইনের ৩/৪/৬ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/১৪৯/৪৪৮/৪২৭/৩৮০ ধারায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ভোরে আসামিকে পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, “সারা বাংলাদেশের ন্যায় কাউখালী উপজেলাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি যাতে নাশকতা,সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ডে জড়াতে না পারে,সে বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউখালীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।”