
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। তবে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। ফলাফলে তিন বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। সবচেয়ে কম পাশের হার মানবিক বিভাগে, ৫০ দশমিক ৬১ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৮ জন কমেছে।
ফলাফল বিবরণী অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছেলে ৩৭ হাজার ২০৩ জন এবং মেয়ে ৫৮ হাজার ১৯৬ জন।
মেয়েদের পাশের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। মেয়েদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন এবং ছেলেদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন জিপিএ-৫ পেয়েছে।
বিভাগভিত্তিক ফলাফল
বিজ্ঞান বিভাগে পাশের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৮১ দশমিক ৬৬ শতাংশ এবং মেয়েদের ৮৩ দশমিক ৭৭ শতাংশ।
মানবিক বিভাগে পাশের হার ৫০ দশমিক ৬১ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাশের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ এবং মেয়েদের ৫২ দশমিক ২৫ শতাংশ।
অন্যদিকে বাণিজ্য বিভাগে পাশের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাশের হার ৫২ দশমিক ৪৪ শতাংশ এবং মেয়েদের ৬৩ দশমিক ৮২ শতাংশ।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২২টি।
ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তারসহ বোর্ডের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।