
পিরোজপুর প্রতিনিধি;
ভান্ডারিয়া থানাধীন ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারের ব্রিজের ওপর অভিযান চালিয়ে ২০০ পিস কথিত মাদকজাতীয় ইয়াবাসহ নাসির হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সেনেরহাট বাজারের ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নাসির হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আনসার হাওলাদারের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ডিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তফা শওকত জামান ও এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় চৌকস টিম অভিযান পরিচালনা করে নাসির হাওলাদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস কথিত মাদকজাতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, “পেশাগত দায়িত্বের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”
ডিবি পুলিশ জানিয়েছে,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।