মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
শরৎ শেষে হেমন্তের আগমনে ভোরের বাতাসে শীতের পরশ আর ঘাসে শিশিরের উপস্থিতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আর এই সময়েই নওগাঁর আত্রাই উপজেলায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। গাছ পরিষ্কার করে রস সংগ্রহের উপযোগী করে তোলার কাজ চলছে বিভিন্ন গ্রামে।
উপজেলার রেললাইনের পাশ, বাড়ির আঙিনা, পুকুরপাড় ও রাস্তার ধারে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য খেজুরগাছ। এসব গাছ থেকে রস সংগ্রহের জন্য আগেভাগেই ঝোড়ার কাজ শুরু করেছেন গাছিরা। তাঁদের আশা, আরও ১০ থেকে ১৫ দিনের মধ্যে গাছে হাঁড়ি বসিয়ে রস সংগ্রহ শুরু করা যাবে।
খেজুরের রস থেকে তৈরি হয় সুস্বাদু তরল গুড় ও পাটালি। এসব দিয়ে পিঠা-পুলি, পায়েসসহ নানা ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। তাই রস সংগ্রহ শুরু হলে উপজেলার আহসানগঞ্জ, ক্যাশাবাড়ি, নদলী, মির্জাপুর, সুটকিগাছা, বান্দাইখাড়া ও বড়শিমলাসহ বিভিন্ন হাট-বাজারে জমে উঠবে গুড়ের বেচাকেনা।
গাছ ঝোড়ার কাজের ব্যস্ততার কথা জানিয়ে উপজেলার বান্দাইখাড়া গ্রামের লুৎফর রহমান বলেন, “আমার ১০টি খেজুরগাছ রয়েছে। প্রতিটি গাছ ঝোড়ার জন্য গাছিকে ১৪০ টাকা করে মজুরি দিতে হয়েছে। এখন পুরোদমে গাছ ঝোড়ার কাজ চলছে।”
শীতের মৌসুমে খেজুরের রস ও গুড় গ্রামবাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাই গাছিদের কর্মব্যস্ততার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে তাজা রস, নতুন গুড় আর শীতের পিঠা-পুলির অপেক্ষা।