
মো: সোহরাওয়ার্দী হোসেন; সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন গোপালপুর ফুটানি মার্কেট সংলগ্ন এলাকার সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন স্থানীয় উদ্যোগী ব্যক্তি জেলহক। নিজের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে তিনি জনগুরুত্বপূর্ণ এই ভাঙা রাস্তাটি সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর ফুটানি মার্কেট এলাকার ওই রাস্তাটিতে দীর্ঘদিন ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো, যার ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং স্থানীয় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। প্রায়শই ছোটখাটো দুর্ঘটনাও ঘটত। এলাকার মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে জেলহক নিজ উদ্দ্যোগে এগিয়ে আসেন এবং রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।
রাস্তা মেরামতের পর স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, জেলহকের এই প্রশংসনীয় উদ্যোগের ফলে ওই এলাকার দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটল। সমাজের বিত্তবান ও তরুণ প্রজন্ম এভাবে এগিয়ে এলে দেশের প্রতিটি অঞ্চলের সাধারণ মানুষের কষ্ট বহুলাংশে কমে যেত বলে মন্তব্য করেন স্থানীয়রা।