
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. আনোয়ারুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটির সভা আহ্বানের ক্ষেত্রে অন্তত ৭ দিন (৬০ দিন) পূর্বে সভা আহ্বান করার বিধান রয়েছে। কিন্তু বর্তমান বিদ্যালয় কমিটির সভাপতি নিয়মের তোয়াক্কা না করে মাত্র ১ দিন বা ২ দিন (৩০ দিন) অতিবাহিত হওয়ার শেষ দিন নোটিশ দিয়ে তড়িঘড়ি করে গোপনীয়ভাবে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছেন। এছাড়া কমিটির নিয়ম বহির্ভূতভাবে সোনালী ব্যাংকে টাকা জমা প্রদানসহ বিভিন্ন আর্থিক অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিদ্যালয়ের এই অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিযোগকারী।
বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুলিপি অবগতি ও কার্যার্থে উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দেবিদ্বার, কুমিল্লা বরাবর প্রেরণ করা হয়েছে।